বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
রেলপথ অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৭:১০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ১৮:১৭
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন। আজ রোববার দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
এসময় শিক্ষার্থীরা- ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিএসসি কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের একটাই দাবি, সেটা হলো লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা চাই, দ্রুত পড়ার ফেরার টেবিলে ফিরে যেতে।’
আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে৷ গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।’
তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ে নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ প্রদান করতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে একই দাবিতে ৭ ঘণ্টা রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তারা। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। ফলে, পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।
