প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ
জামালপুরের ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১১:১৬
জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী ভোটাররা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসলামপুর উপজেলার আমতলী বাজার এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার নারী।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান চৌধুরী, মহিলা দলের নেত্রী মারুফা আক্তার হ্যাপী, শোভা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ছাড়া ইসলামপুরে দেখা যায়নি তাঁকে। উপজেলা বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামেও অংশগ্রহণ করেননি তিনি। আওয়ামী লীগের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে আঁতাত করে চলার কারণে তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। অপরদিকে সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম পুরো সময়টা মাঠের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে থেকে সংগঠনের কাজ করেছেন। তাই সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মনোনয়ন পরিবর্তন না হলে আসনটিও বিএনপির হাতছাড়া হতে পারে বলেও অভিমত তাদের।
মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে ইসলামপুর-উলিয়া সড়কের আমতলী বাজারে রাস্তার ওপর অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বিষয়টি নিয়ে কথা বলতে সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পক্ষে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব বলেন, দলের হাইকমান্ড থেকে মনোনয়ন ঘোষণার পর এখন যারা মনোনয়নের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন, তাদের গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাস্তায় পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, যারা সুলতান বাবুকে অসুস্থ দাবি করছেন, তারা মিথ্যা কথা বলছেন। বিগত দিনে আন্দোলন করেছেন। তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন।
