ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদমদীঘিতে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আদমদীঘিতে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
×

সেকেন্দার আলী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৪:২৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১৪:২৭

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৩ দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে গ্রামের কয়েকজন নারী বাড়ির পাশে একটি ডোবার হাঁটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান মরদেহ দেখতে পান। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত ব্যক্তির ভায়রা মহসিন আলী জানায়, সেকেন্দার আলী মানসিক রোগে ভুগছিলেন। ঘুরতে বেরিয়ে হয়তো ওই ডোবার পানিতে পড়ে মারা গেছেন।

ঘটনার তদন্তকারী আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।

আরও পড়ুন

×