মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
প্রতীকী ছবি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১৫:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১৫:৪৩
বগুড়ার শেরপুরে মোটারসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদি হাসান (২০) ও সাহাবুল হাসান (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া গ্রামের মৃত বাবলু ব্যাপারির ছেলে সাহাবুল হাসান। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলটি নিয়ে ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ঘরের শাটারে জোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনায় সাহাবুল হাসান ও মেহেদি হাসান মারাত্মক জখম হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- শেরপুর
- সড়ক দুর্ঘটনা
- মোটরসাইকেল দুর্ঘটনা
