ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাঙামাটিতে ৬ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন

রাঙামাটিতে ৬ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন
×

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৪:৪২

রাঙামাটি কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা সরকারি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও অনিয়ম বন্ধসহ ৬ দফা দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে কমপ্লিট শাটডাউন পালন করেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মূল গেট অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীদের মূল দাবি, নিয়োগে ৭% কোটা ও ৯৩% মেধার ভিত্তিতে প্রক্রিয়া সম্পন্ন করা, প্রশ্নপত্র ও ফল প্রকাশে জালিয়াতি বন্ধ, নিয়োগ বাণিজ্য বন্ধ, চলতি নভেম্বরের মধ্যেই সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানান, পরিস্থিতি নিয়ে জরুরি সভার পর বিষয়টি পার্বত্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্যা সমাধানে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, পার্বত্য চুক্তির আলোকে গঠিত আইন মেনে এতদিন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়েছে। একই আইন ও নিয়ম মেনে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ আমল থেকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়েছে, যা এখনও চলমান। জাতীয় পর্যায়ের সাধারণ কোটা ব্যবস্থা (যেমন– মুক্তিযোদ্ধা, উপজাতীয় কোটা) পার্বত্য চট্টগ্রামে সরাসরি প্রযোজ্য নয় এবং কখনও ছিলও না।

পার্বত্য চুক্তি অনুযায়ী, সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসী উপজাতীয়দের অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে। ২০১৩ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেও একই বিধান উল্লেখ আছে।

আরও পড়ুন

×