ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ
যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫
শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে গ্রামবাসী সড়কে টায়ার বেঞ্চ পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করে। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৪:৫৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের যশোর-চৌগাছা সড়কের আমবটতলায় এ ঘটনা ঘটে।
থেমে থেমে চলা প্রায় ঘণ্টাখানেকের এ সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক ছাত্রী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। দোকানদার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা তাকে মারধর করেন। পরে স্থানীয় দোকানদাররা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। দীর্ঘক্ষণ ধরে চলা যশোর-চৌগাছা সড়কের ওপর ইটপাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষ। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে গ্রামবাসী সড়কে টায়ার বেঞ্চ পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করে। এতে সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। সেনাবাহিনী ও পুলিশসহ রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে ঘটনাটি ঘটেছে।
রাতে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখনও সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
