কীটনাশক মেশানো পিঠা খেয়ে ১০ জন অসুস্থ
ছবি: সংগৃহীত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৫:১৪
সাতক্ষীরার শ্যামনগরে কীটনাশক মেশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেল ৪টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর গতকাল মঙ্গলবার তারা বাড়িতে ফেরেন।
অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন– মেহজাবিন, সামিয়া, আকলিমা, জান্নাতি, অজিহা, শারমিন, মিতা, উম্মে হাবিবা, আইয়ুব খান ও সাঈদ হোসেন।
ওই পরিবারের কর্তা আইয়ুব খানের ভাষ্য, ঘটনার দিন দুপুরে বাড়িতে মেহমান থাকায় পিঠা তৈরি করা হয়েছিল। এ সময় তাঁর মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে একই রকম দেখতে ধানক্ষেতে ব্যবহারের কীটনাশক পিঠা তৈরির কাজে ব্যবহার করে। খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি অনুভূত হওয়ায় তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পিঠা তৈরিতে চিনির পরিবর্তে দানাদার কীটনাশক মেশানো হয়েছে বলে তারা নিশ্চিত হন। পরে সবাই দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।
আকলিমা বেগম জানান, পিঠা তৈরির সময় তিনি তাঁর সন্তানকে ঘর থেকে চিনি নিয়ে আসতে বলায় ভুলবশত ঘরে থাকা দানাদার কীটনাশক নিয়ে আসে সে। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝতে পারেন তারা।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্স সামিরা ও মাসুমা জানান, অসুস্থ ব্যক্তিদের পাকস্থলী ওয়াশ করার পর সারারাত তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়। পরে দুপুরের দিকে তারা সুস্থ অনুভব করে। বিকেলে চিকিৎসক শঙ্কামুক্ত ঘোষণার পর তারা বাড়িতে ফিরে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা ২৪ ঘণ্টা পর সুস্থ হয়ে উঠলে তাদের ছেড়ে দেওয়া হয়। পরিমাণে অল্প খাওয়া এবং বিষয়টি তাড়াতাড়ি বুঝতে পারায় তারা দ্রুত হাসপাতালে আসায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।
তিনি আরও জানান, দানাদার কীটনাশক মূলত ফসলের ক্ষেতে মাটিতে থাকা পোকামাকড় নিধনের কাজে ব্যবহার করা হয়। এ ধরনের কীটনাশক পাকস্থলীতে গেলে জীবনহানির ঝুঁকি থাকে।
