খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাধবপুরে মোনাজাত
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৫:২৯
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে চৌমুহনী ইউনিয়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল।
মঙ্গলবার আয়োজিত এই সমাবেশের বিশেষ অংশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফয়সল বলেন, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে পারবে না। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করছে।
এ সময় তিনি সব ভেদাভেদ ভুলে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আসুন আমরা বেকারত্ব দূর করি, নারীদের আরও স্বাবলম্বী করি, চা বাগান ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জীবনমান উন্নত করি।
তিনি চা শ্রমিকসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে আমাদের সুযোগ দিন–আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।’
চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
সভায় আরও বক্তব্য দেন– উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
