আপ বাংলাদেশের খুলনা মহানগর নেতা শাকিলকে অব্যাহতি
বাউলদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে মারধরের অভিযোগ
বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা হয়। ছবি: সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ | ২২:২৫
মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল ও সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গত বুধবার বিকেলে খুলনায় মানববন্ধন করে গণতান্ত্রিক ছাত্র জোট। ওই মানববন্ধনে হামলা ও মারধরের অভিযোগে আপ বাংলাদেশের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ ইকবাল শাকিলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
বুধবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে গণতান্ত্রিক ছাত্র জোট আয়োজিত মানববন্ধনে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এতে বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র গণমঞ্চ ও ছাত্র ইউনিয়নের প্রায় ১৫ জন আহত হন।
হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ফয়জুল্লাহ শাকিল হামলার জন্য তার কর্মীদের উদ্বুদ্ধ করছেন। হামলার পর তিনি ব্যানার পুড়িয়ে দেওয়ারও নেতৃত্ব দিচ্ছেন। তিনি মারধরের ভিডিও নিজেদের ফেসবুক পেজেও আপলোড করেন। গতকাল বৃহস্পতিবার অব্যাহতির সেই চিঠিও ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিল।
ছাত্র ইউনিয়নের খুলনা জেলার সাধারণ সম্পাদক সজিব খান বলেন, ‘গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাদের নিয়ে আমরা সভা করছি। হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আমরা কর্মসূচি ঘোষণা করব।’
- বিষয় :
- বাউল শিল্পী
- মানববন্ধন
- হামলার অভিযোগ
- আপ বাংলাদেশ
