ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১০:১১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সড়কে রঙ করা এবং স্টলের জায়গা নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ধারাল অস্ত্রের আঘাতে জহিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় কাজী সাদিক মাহমুদ নামে আরেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করেছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রশাসন জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুয়েটের প্রধান ফটকের সামনে সড়কে সৌন্দর্যবর্ধন ও স্টলের স্থান নির্ধারণকে কেন্দ্র করে ২৪তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ এবং একই ব্যাচের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাদিক মাহমুদ হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে জহিরুল ইসলামের পেটের বাম পাশে আঘাত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আহত জহিরুল ইসলামকে সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধান ও নিরাপত্তা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আহত শিক্ষার্থীর সকল চিকিৎসা খরচ বহন, উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্তও নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্ট্রিট পেইন্টিং ও স্টল সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

×