গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা
গুলিতে নিহত সাদ্দাম হোসেন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৩:৩২
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি ওই এলাকার মস্তু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিবদমান দিলীপ গ্রুপ ও লায়ন শাকিল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এর জেরেই নিহত সাদ্দামকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
পরিবারের অভিযোগ, মধ্যরাতে দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে- সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে হত্যা করেছে।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, সাদ্দামকে আমি ডেকে নিয়ে যাইনি। সাদ্দাম আমার সঙ্গেই ছিল। রাতে লায়ন শাকিল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার বিবদমান দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- যুবককে হত্যা
