চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু, হত্যা মামলা
নানি ও নাতনির মৃত্যুর খবর পেয়ে স্বজনদের আহাজারি। ছবি: সমকাল
চাঁদপুর ও হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৬:৩৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ | ১৭:১১
চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাসচাপায় প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সী শিশু মার্জিয়া ও তার নানি নাজমা বেগম। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে শেরাটন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নাজমা বেগমের স্বামী মনির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত মার্জিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের প্রবাসী মানিকের একমাত্র মেয়ে। নানি নাজমা বেগম (৪৫) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী। পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, নানি ও নাতনি বাজার করতে আসছিলেন হাজিগঞ্জ বাজারে। এসময় রাস্তা পারাপারের সময় বাস চাপায় দেয় তাদের।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই নানি-নাতনিকে দ্রুত সিএনজি অটোরিকশাযোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পথেই নাতিন মার্জিয়া ও কুমিল্লা নেওয়ার পথে নানির মৃত্যু হয়।
আটক চালক শাহরাস্তি আলীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান জানান, ড্রাইভিং করার সময় অন্য দিকে মনোযোগ ছিল। নিহত শিশুটি বা তার নানিকে আমি দেখিনি। ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে ও পদ্মা বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯২১৪) আটক করা হয়েছে।
পদ্মা ট্রান্সপোর্টের ওই বাসের এক যাত্রী জানান, কুমিল্লা বিশ্বরোড থেকে যাত্রা শুরুর পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুরো পথজুড়ে যাত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলেছে। দুর্ঘটনার মুহূর্তেও দুই নারী ও একজন পুরুষ যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন চালক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। উত্তেজিত জনতা বাসটি আটক করে এবং চালককে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, বাস ও চালককে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হবে। অবহেলা বা বেপরোয়া গতির কারণেই যদি এ প্রাণহানি ঘটে থাকে, আমরা আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেব।
এদিকে নিহত নাজমা বেগমের স্বামী মনির হোসেন বাদী হয়ে চালক আবদুল হান্নানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বলে তদন্তকারী এসআই মুরাদ সমকালকে জানান।
