ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা করা সাদ্দামের লাশ নিয়ে থানা ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা করা সাদ্দামের লাশ নিয়ে থানা ঘেরাও
×

শুক্রবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকার লোকজন ও সাদ্দামের স্বজনরা সদর থানায় এসে জড়ো হন মরদেহ নিয়ে। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০৫:৩৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ১১:৩৭

সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যার ঘটনায় মামলা নেওয়া ও অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলীপের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কম্পাউন্ড ঘেরাও করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

শুক্রবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকার লোকজন ও সাদ্দামের স্বজনরা সদর থানায় এসে জড়ো হন। এ সময় তারা থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্পষ্ট ঘোষণা দেন—মামলা রেকর্ড না হওয়া পর্যন্ত তারা থানা ত্যাগ করবেন না।

ঘেরাওকারীরা বলেন, সাদ্দাম হোসেনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও মামলা রেকর্ড হয়নি, কাউকেও গ্রেপ্তারও করা হয়নি। এটি হতাশাজনক ও দুঃখজনক। দ্রুত মামলা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার মধ্যরাতে কান্দিপাড়া এলাকার বাসিন্দা ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ— স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করেছেন, যাতে প্রতিপক্ষকে ফাঁসানো যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন।

আরও পড়ুন

×