ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানুষ নির্বাচন চায়, তবে আস্থার ঘাটতি রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

মানুষ নির্বাচন চায়, তবে আস্থার ঘাটতি রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
×

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

রংপুর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:৪১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ২১:৪৪

বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে মুখিয়ে আছে, তাতে সন্দেহ নেই। বাংলাদেশের পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী গোষ্ঠী, প্রবাসী ও বিদেশিরা নির্বাচন চান। তবে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা– তা নিয়ে তারা আস্থা পাচ্ছেন না। শনিবার রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।  

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সন্দেহ রয়েছে নির্বাচনের পথে সহিংসতা বাড়বে কিনা। একইভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে কিনা। এক বৈপরীত্যের মধ্যে অবস্থান করছি। একদিকে প্রচণ্ড প্রত্যাশা, অন্যদিকে আস্থার অভাব।

নির্বাচন কমিশনের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি। এই পরিস্থিতিটা আগামী কয়েক দিনের ভেতরে কীভাবে কাটবে– সেটি এখন দেখার বিষয়।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে মানুষের মনে এখনও সংশয় রয়েছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশন এখনও আস্থা তৈরি করতে পারেনি। ভোটের দিন নিরাপদে ভোট দিতে পারবে কিনা– এ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে। নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকেন, তারা বিগত দিনে নিরপেক্ষ থাকতে পারেননি। আগামী দিনেও নিরপেক্ষতা রাখার মতো কিছু আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর যে কার্যক্রম, আন্তরিকতা ও সমন্বয় থাকা দরকার, সে জায়গায় যথেষ্ট ঘাটতি রয়ে গেছে।

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, কৃষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
 

আরও পড়ুন

×