ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আ.লীগ-বিএনপি-জাপা ঘুরে খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানী

আ.লীগ-বিএনপি-জাপা ঘুরে খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানী
×

ছবি: সংগৃহীত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৫:২৯

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ঘুরে এবার বাংলাদেশ খেলাফত মজলিসকে বেছে নিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে দলটির প্রার্থী হয়েছেন তিনি।

দলটির মনোনয়ন পেয়ে রিকশা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন দলবদলের ‘খ্যাত’ চরিত্র গোলাম রব্বানী। তাঁর দলবদল প্রসঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অভিমত, রব্বানী সুযোগসন্ধানী রাজনীতির স্বীকৃত উদাহরণ। যেই দলে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকে, তিনি সেদিকেই ঝুঁকে পড়েন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ ভোটারের আস্থাও হারিয়ে ফেলেছেন তিনি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে গোলাম রব্বানীর রাজনীতি শুরু। ১৯৮৬ সালে কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান হন তিনি। ১৯৮৮ সালে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয়ভাবে পরিচিতি পান। ২০০৬ সালে বিএনপিতে যোগ দিয়ে সেই দলেরও মনোনয়ন পান, যদিও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর পর ২০০৯ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আহম্মেদ হোসেনের সঙ্গে পরিচিতি কাজে লাগিয়ে আবার উপজেলা চেয়ারম্যান হন। এমন অভিযোগ রয়েছে রাজনৈতিক মহলে।

২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে পুনরায় জাতীয় পার্টিতে যোগ দেন। ২০২৪ সালের নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারানোর পর আবারও দলবদল করেন। সবশেষ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে নির্বাচন করছেন গোলাম রব্বানী।

স্থানীয়রা বলছেন, বহু বছর ধরে ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষকে জমি দখলের হুমকি দিয়ে আসছেন রব্বানী। রংছাতি ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন, ‘গোলাম রব্বানী আমাদের জমি দখল করতে বারবার চাপ দিয়েছেন। জাতীয় পার্টির সময় আমাদের বাড়িতে হামলাও চালিয়েছিলেন।’

গোলাম রব্বানীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও রয়েছে। স্থানীয় এক উপজাতি তরুণী বলেন, ‘সে (গোলাম রব্বানী) একজন বাজে লোক। আমার মাকে কুপ্রস্তাব দিত। রাজি না হওয়ায় মায়ের গোপনাঙ্গে আঘাত করেছিল।’

খেলাফত মজলিসের একটি অংশও তাঁর প্রার্থিতা মানতে পারছে না। স্থানীয় হাফেজ দেলোয়ার হোসেন বলেন, ‘পল্টিবাজ মানুষের জন্য খেলাফত মজলিসে থাকা লজ্জাজনক। তাই আমি দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছি।’

জাতীয় পার্টির স্থানীয় নেতা ফরিদ মিয়া জানান, রব্বানী আজ এই দলে, কাল ওই দলে। এখন আবার আলেমদের ওপর চেপে বসেছেন।

এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, ‘আমি অরিজিনালি জাতীয় পার্টির লোক। পরকালের কথা চিন্তা করে আলেমদের সঙ্গে থাকতে চাই।’

জমি দখল ও উপজাতি নারীর অভিযোগকে ‘অসত্য’ দাবি করে তিনি বলেন, ‘উপজাতিদের সঙ্গে সম্পর্ক ভালো। জমি নিয়ে আলোচনা চলছে। যারা আমাকে পছন্দ করেন না, তারাই এসব মিথ্যা কথা ছড়ান।’

আরও পড়ুন

×