নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩
প্রতীকী ছবি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১৫:০৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১৫:০৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধেরে জেরে দুই পক্ষের লোকজনের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ সংঘর্ষে দুইপক্ষের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানার মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪২), খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
জানা যায়, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় চাচাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও সমাধান হয়নি। পরে রোববার সকালে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এরশাদুল ও কুলছুম বেগম নিহত হয়। আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আলতাফ হোসেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম সমকালকে বলেন, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একাধিক ব্যক্তি আহত। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। আমিও যাচ্ছি।’
