নারায়ণগঞ্জে বাউলশিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১৯:০৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মধ্য নরসিংপুর থেকে সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন বাউলশিল্পী। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। তবে তিনি সদর উপজেলার সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন।
সুমনের পরিচয় নিশ্চিত করে তার স্ত্রী সোনিয়া পুলিশকে বলেন, ‘রোববার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটীতে গান গাইতে যাই। সঙ্গে সুমনও গিয়েছিল। রাতে যখন গান গাইছিলাম তখন সুমন সেখান থেকে বের হলে নিখোঁজ হয়। সকালে তার লাশ উদ্ধারের খবর পান।’
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, নরসিংপুর এলাকায় রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা-পুলিশকে খবর দেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বাউলশিল্পী
- কুপিয়ে হত্যা
