কক্সবাজারে তৌহিদী জনতার হামলায় ঢাকাইয়া মেলা পণ্ড
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের ঈদগাঁওতে তৌহিদী জনতার হামলায় ‘ঢাকাইয়া মেলা’ পণ্ড হয়ে গেছে। গত রোববার বিকেলে আসরের নামাজের পর এক দল মুসল্লি এই মেলাটি বন্ধ করে দেন। গত ২৩ নভেম্বর উত্তর মাইজপাড়া আলমাছিয়া মাদ্রাসার পাশে নির্মাণাধীন ভবনে মেলাটি শুরু হয়েছিল।
শনিবার (আগের দিন) স্থানীয় লোকজনের আপত্তির কারণে মেলা কর্তৃপক্ষ সেটি বন্ধের ঘোষণা দেয়। কিন্তু পরদিন স্টল খোলায় বিক্ষোভ শুরু হয়। মিছিল শেষে এক দল তৌহিদী জনতা হামলা চালিয়ে মেলাটি পণ্ড করে দেয়। এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল বুধবার ঘটনা জানাজানি হয়।
বিক্ষোভকারীরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তি সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছিল। এদিন আসরের নামাজের পর তারা মসজিদ থেকে মিছিল নিয়ে মেলার দিকে গেলে আয়োজকরা পালিয়ে যান। পরে মুসল্লিরা স্টল মালিকদের মালপত্র সরিয়ে নেওয়ার সময় দেন। তারা সড়কের পাশে অবস্থান নেন। এ সময় কয়েকজন মেলার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন।
এর আগের দিন তৌহিদী জনতা রোববার দুপুর ১২টার মধ্যে মেলা বন্ধের হুঁশিয়ারি দেন। রাতেই আয়োজকরা মেলা বন্ধের ঘোষণা দিয়ে এলাকা ছাড়েন। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মেলা না সরানোয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন মাওলানা জহিরুল ইসলাম, হেফজুর রহমান এবং সিরাজুল ইসলাম। চেষ্টা করেও এদের বক্তব্য নিতে পারেনি সমকাল।
বিক্ষোভকারীদের অভিযোগ, মেলার আড়ালে জুয়া চলছিল। তাদের দাবি, উপজেলা ও থানা প্রশাসন এ বিষয়ে নীরব ছিল। মেলার পাশে আলমাছিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পরীক্ষার সময় যানজটে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি হচ্ছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা এই মেলার আয়োজন করেছিলেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন সমকালকে বলেন, ‘এই মেলা পরিচালনার জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। এর বেশি কিছু ফোনে বলতে চাই না।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব সমকালকে বলেন, ‘ঈদগাঁওতে মেলা পরিচালনার জন্য এ বছর জেলা প্রশাসনের কাছ থেকে কেউ অনুমতি নেয়নি। তবে শুনেছি, একটি মেলা শুরু হওয়ার পর স্থানীয় লোকজন তা ভেঙে দিয়েছে। এ মেলার আয়োজক কারা বা কারা ভেঙেছে– তার কিছুই জানি না।’
- বিষয় :
- মেলা
- তৌহিদী জনতা
