ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আড়াইহাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আড়াইহাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল
×

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ১২:২৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ | ১২:৪২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এর আগে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন খতম দেওয়া হয়।

সাবেক সাংসদ আতাউর রহমান খান আঙ্গুরের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ দোয়া মাহফিলে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক, তার সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের প্রত্যাশা। আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গোটা বিশ্বের নেতারাসহ দেশের কোটি কোটি মানুষ আজ উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ কাঁদছে। মানুষের দোয়া নিয়ে সুস্থ হয়ে যেন তিনি আবারও দলের ও দেশের মানুষের সেবা করতে পারেন, সে জন্য তিনি আড়াইহাজারবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

পরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×