ইজারা চুক্তি বাতিল চেয়ে চট্টগ্রামে মশাল মিছিল
ছবি: মো. রাশেদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ২১:০৩
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধ ও লালদিয়ার চর পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক জনসভা ও মশাল মিছিল করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরের সাগরিকা শিল্পাঞ্চলে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে এ আয়োজন করা হয়।
শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছিউদ দৌলা, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহীন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ।
তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং এ বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই। বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের কোনো স্থাপনা তুলে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ মাসেই বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের মাসে ইজারা বাতিলের দাবি জানানোর জন্য ঢাকায় শ্রমিকের রক্ত ঝরিয়েছে সরকার। এর প্রতিদান কড়ায়-গণ্ডায় ফেরত দেওয়া হবে।
সমাবেশ থেকে আগামী ১০ ডিসেম্বর দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
- বিষয় :
- এনসিটি
- চট্টগ্রাম বন্দর
- ইজারা
- মশাল মিছিল
