বিগত সরকার অপ্রয়োজনে সড়ক নির্মাণ করেছে
ফাওজুল কবির খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন স্থানে ব্যবহারবিহীন সড়ক নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করেছে। যেখানে ব্যয়বহুল সড়কের প্রয়োজন ছিল না, সেখানেও কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ করেছে।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গতকাল শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণগোবিন্দ (কেজি) গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, তাদের সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক-ই-আজম ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এ সময় আরও বক্তব্য দেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা পাঁচদোনা মোড়ে নরসিংদীর পলাশের পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ছয় লেন সড়কটির ফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, সিরাজ উদ্দিন পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চে নরসিংদীতে ছুটিতে থাকাকালে মুক্তিযুদ্ধে যোগ দেন। ৯ ও ১০ এপ্রিল ইপিআরের সঙ্গে মিলে বাগবাড়ী-পালবাড়ী-পাঁচদোনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন। ছাত্র-যুবকদের সংগঠিত করে এই সড়কের দুই পাশের জনপদে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি প্রতিষ্ঠা করেন। এই ঘাঁটি থেকে পাঁচদোনাসহ মুখোমুখি যুদ্ধ ও গেরিলা অভিযান চালান। তাঁর অসম সাহসী বীরত্বের কারণে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে তাঁকে চার থানা (নরসিংদী, শিবপুর, রূপগঞ্জ, আড়াইহাজার) নিয়ে গঠিত গেরিলা ইউনিট কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। তাঁর বিশাল বাহিনী এই কমান্ড এলাকার বাইরে পাশের অঞ্চলেও যুদ্ধ পরিচালনা করে। তাঁর বীরত্বের কথা দিগ্বিদিক ছড়িয়ে পড়ে। স্বাধীন দেশে তাঁর খ্যাতি শাসকগোষ্ঠীর ঈর্ষার কারণ হয়। তাদের ষড়যন্ত্রে তিনি ১৯৭২ সালের ২৬ সেপ্টেম্বর পুরিন্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
- বিষয় :
- ফাওজুল কবির খান
