মানিকগঞ্জে বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর
আবুল সরকার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ আদালতে গতকাল সোমবার দুপুরে বাউল শিল্পী আবুল সরকারের জামিন শুনানি হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান জামিন নামঞ্জুর করেন।
আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তাঁর পক্ষে অন্তত ১৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। জামিন নামঞ্জুর হওয়ার পর কয়েকজন আইনজীবী আসামির শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেন।
আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়।
গতকাল আসামি পক্ষে শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিন, মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী জিন্নত আলী, মো. সোহরাব হোসেন, মহীউদ্দিন স্বপন, কামরুল হাসান খোকন, হেলাল উদ্দিন আহমেদ ও ফাতেহ ইবনে ঝন্টু প্রমুখ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌঁসুলি নূরুতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান শিল্পীর জামিন নামঞ্জুর করেন।
আইনজীবী জিন্নত আলী জানান, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ক ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড পেতে পারেন।
সরকারি কৌঁসুলি নূরুতাজ আলম বাহার সমকালকে বলেন, ২৯৫ এর ক জামিন অযোগ্য ধারা। এ ছাড়া আবুল সরকারের বক্তব্য নিয়ে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ হচ্ছে। তাঁকে জামিন দিলে দেশে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এসব কারণে বিচারক জামিন দেননি।
এদিকে, মানিকগঞ্জে বাউলদের ওপর গত ২৩ নভেম্বর তৌহিদী জনতার ব্যানারে হামলার ঘটনায় আহত বাউল শিল্পী আবদুল আলিম ২৪ নভেম্বর মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি গ্রেপ্তার হননি।
- বিষয় :
- আবুল সরকার
