ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
×

যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবক হামলার শিকার হন।

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৩:০১

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এদিকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবক হামলার শিকার হয়েছেন। তবে মাদ্রাসার সুপার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

গত রোববার মানববন্ধনে যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা হয়েছে। এতে আহত কয়েকজন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত সোমবার এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নুরুল হাকিমসহ সাতজনের নাম উল্লেখ করে ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তিনি বলেছেন, নুরুল হাকিম নবম ও দশম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানানো হলেও কোনো বিচার পাননি। গত রোববার মানববন্ধনের জন্য মিছিল বাইশারী বাজার থেকে মাদ্রাসার দিকে যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে।

যৌন হয়রানির বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত কমিটির একজন জানিয়েছেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, মনে হয় নুরুল হাকিমের বিরুদ্ধে এক পক্ষ ষড়যন্ত্র করছে।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিক বসরী বলেন, নুরুল হাকিমের বিরুদ্ধে বিচার চাইতে এসে বিচার পাননি– এমন অভিযোগ সত্য নয়। অভিযোগকারীদের কাছে সময় চাওয়া হয়েছিল, কিন্তু তারা সময় দেননি। 

মাদ্রাসার সুপার নুরুল হাকিম বলেন, তাঁর বয়স ষাটের কাছাকাছি। ২৫ বছর ধরে তিলে তিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এখন তাঁর বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×