চাঁদা না পেয়ে রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা
ফাইল ছবি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৫:৪৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাদল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আহত ব্যবসায়ীর স্ত্রী আঁখি আক্তার ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই ঈদগাহ মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়া একই এলাকার নুরু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল ওরফে টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা ও মোমেন মিয়া দীর্ঘদিন ধরে বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি করা টাকা না পেয়ে সোমবার রাতে ইকবালের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদল মিয়ার ওপর হামলা চালায়।
হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে গুলি মাথায় না লাগলেও তিনি গুরুতর আহত হন।
হামলাকারীরা এ সময় ব্যবসায়ীর প্রায় ১২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে একটি প্রাইভেট হাসপাতালে নেন। সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলার পরে আসামিরা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
আহত ব্যবসায়ীর স্ত্রী আঁখি আক্তার বলেন, ‘আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- রূপগঞ্জ
- কুপিয়ে জখম
- হত্যাচেষ্টা
