আসামির ছুরিকাঘাতে আহত সিআইডি কর্মকর্তা
ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
সিলেট নগরীতে আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা খুরশেদ আলম। সোমবার রাত সাড়ে ১২টার দিকে সাগরদীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এর পাঁচ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে হামলাকারী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম রহিম উদ্দিন রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডি সিলেটের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।
পুলিশ জানায়, সাগরদীঘিরপাড় এলাকায় সোমবার রাতে একটি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিমকোনা গ্রামের রফিক উদ্দিনের ছেলে এম রহিম উদ্দিন রাজুকে গ্রেপ্তার করতে সাদা পোশাকে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে এসআই খুরশেদ আলম আসামি রাজুকে ধরতে যান। তখন রাজু পকেটে থাকা ছুরি বের করে খুরশেদ আলমের বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
সিআইডির ডিআইজি মো. আল মামুনুর আনসারী ব্রিফিংয়ে জানান, রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- গ্রেফতার
