আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামলা তুলে নিতে দিচ্ছে হুমকি
ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার ঘিওরে শোক র্যালি সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের ঘিওরে আলোচিত ছাত্রদল নেতা লাভলু হত্যাকাণ্ডের এক বছর পার হলেও তাঁর পরিবার জানে না মামলাটির তদন্ত কোন পর্যায়ে আছে। আদালত তদন্তের দায়িত্ব সিআইডিকে দিলেও তারা নিহতের পরিবারের সঙ্গে চার মাসেও যোগাযোগ করেনি। এদিকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গত বছরের ৯ ডিসেম্বর খুন হন ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহম্মেদ। এদিকে লাভলু হত্যাকাণ্ডের এক বছর উপলক্ষে স্থানীয়রা হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করেন। ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘিওর বাজার থেকে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
নিহতের ভাই মামলার বাদী টিপু সুলতান বলেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান মনোয়ার, মেহেদী হাসান শীতল, পারভেজ মোশারফ বাবু, সেলিম, রাসেল শেখসহ ২০ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করা হয়। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে ১৪ জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়ে দেয়। নিহতের ভাতিজা হিমেল সুলতান বলেন, আসামিরা বলে বেড়াচ্ছেন, মামলা তুলে না নিলে প্রয়োজনে আরেকটি হত্যা করা হবে। তিনি বলেন, সিআইডিতে মামলাটি গেছে চার মাসের বেশি সময় ধরে, এখনও আমরা জানি না তদন্ত করা হয়েছে কিনা। আমরা চাই যারা আমার চাচাকে হত্যা করেছে, তাদের নাম যেন তদন্তে ওঠে আসে।
মানিকগঞ্জ ডিবির ওসি মোশারফ হোসেন বলেন, গত জুনে ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রধান আসামিসহ ১৪ জনের নাম চার্জশিটে না আসা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সিআইডির মানিকগঞ্জ জেলার ওসি অমিতাভ বিশ্বাস বলেন, আদালতের নির্দেশে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- শোকমিছিল
