প্রার্থী পরিবর্তনের দাবিতে একাট্টা ৪ মনোনয়নপ্রত্যাশী
কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে এক মঞ্চে চার মনোনয়নপ্রত্যাশী সমকাল
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তাঁর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে ঐক্যের ঘোষণা দিয়েছেন স্থানীয় চার মনোনয়নপ্রত্যাশী। মঙ্গলবার হোমনা পৌর সুপার মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা জানান, বহিরাগত প্রার্থী দিলে এ আসনে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়তে পারে।
কুমিল্লা-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক মুন্না। সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। তিনি বলেন, হোমনা ও তিতাসের ভোটাররা বরাবরই স্থানীয় প্রার্থীদের ভোট দিয়ে আসছেন। কিন্তু এবার মেঘনা উপজেলার বাসিন্দাকে প্রার্থী ঘোষণা করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঘোষিত প্রার্থীর পরিচিতি কম এবং অতীত কর্মকাণ্ড নিয়েও নানা প্রশ্ন রয়েছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মনোনয়নপ্রত্যাশী চারজন জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা এতদিন কোনো প্রতিবাদ কর্মসূচি করেননি। তবে জনগণের মতামত বিবেচনায় তারা একমত হয়েছেন– হোমনা ও তিতাসের বাইরে কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। স্থানীয় প্রার্থীদের মধ্য থেকে যাকে দল চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই মিলে তাঁকে বিজয়ী করতে কাজ করবেন বলে জানান তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কুমিল্লা-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান তারা। তাদের দাবি– সৎ, যোগ্য ও তৃণমূলভিত্তিক নেতা ছাড়া এ আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব নয়।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিষয়ে জানতে চাইলে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কুমিল্লা-২ আসনে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিগত সরকারের আমলে সেলিম ভূঁইয়া মামলা-হামলার শিকার হয়েও দলের জন্য কাজ করেছেন। তিনি কুমিল্লা বিভাগে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস কাজ করছেন। তাঁর আদি বাড়ি হোমনায় ছিল, পরে সেখান থেকে মেঘনা উপজেলা গঠিত হয়। বর্তমানে তিনি হোমনায় জায়গা কিনে এখানকার ভোটারও হয়েছেন। সংবিধানে নিয়ম রয়েছে নির্বাচন করার।’
- বিষয় :
- মনোনয়নপ্রত্যাশী
