রৌমারীতে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
প্রতীকী ছবি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৭:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ১৭:১৩
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সের শিশু শাহবাব মন্ডল ও তিন বছর বয়সের আবু তোহা মন্ডল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহবাব মন্ডল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রাম এলাকার শাহজাহান মন্ডলের ছেলে। আবু তোহা মন্ডল একই ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকার আবু তালেবের ছেলে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান সরবেশ আলী জানান, মঙ্গলবার একমাত্র শিশু সন্তান শাহবাব মন্ডলকে নিয়ে যাদুরচর নতুনগ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান মা অন্তরা খাতুন। বুধবার সকালে মামা আবু তোহার সঙ্গে খেলা করছিল ভাগ্নে শাহবাব। এ সময় সবার অজান্তে বাড়ি ঘেঁষা পুকুরের পানিতে পড়ে যান ওই দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান ও রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, দুই শিশু বাড়িতে খেলা করতে করতে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- কুড়িগ্রাম
- রৌমারী
