ক্ষমা পেয়ে আগের পদে ফিরলেন ডাক্তার ধনদেব
ডা. ধনদেব চন্দ্র বর্মণ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে গত ৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি পান ডা. ধনদেব চন্দ্র বর্মণ। পরে শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাঁকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে ডা. ধনদেব চন্দ্র বর্মণ সমকালকে জানান, কর্তৃপক্ষ তাঁর জবাবে সন্তুষ্ট হয়ে আগের পদে বহাল করেছেন। তিনি কাজে যোগ দিয়েছেন।
গত বুধবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়। এতে বলা হয়, ৬ ডিসেম্বর হাসপাতাল পরিদর্শনকালে ডিজির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের জন্য ডা. ধনদেবকে শোকজ করা হয়েছিল এবং ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডা. ধনদেব তাঁর অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এরূপ আচরণ করবেন না বলে অঙ্গীকার করে জবাব দিয়েছেন। এই জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে মহাপরিচালক সন্তোষজনক বলে মনে করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান। সমকালকে তিনি বলেন, ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করে আগের পদে পুনর্বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পত্র জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
গত ৬ ডিসেম্বর একটি সেমিনারে যোগ দিতে এসে ডিজি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের এক পর্যায়ে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে একটি টেবিল থাকা নিয়ে ডিজি প্রশ্ন তুললে ডা. ধনদেব চন্দ্র বর্মণ তাৎক্ষণিকভাবে তাঁর বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট ও কাজের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তাঁর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। সে সময় মহাপরিচালক অসৌজন্যমূলক আচরণের জন্য চিকিৎসককে অব্যাহতি ও শোকজের নির্দেশ দেন।
- বিষয় :
- ক্ষমা
