ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু
×

ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ২১:০৯

পাবনা শহরে গত বৃহস্পতিবার মধ্যরাতে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার (৩৫) এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিপত্রে তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ আছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখী খাতুন জানান, এক যুবককে রাত ১২টায় এবং অন্যজনকে রাত ৩টার দিকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে তাকে স্বজনরা নিয়ে চলে যান। আরেকজন রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন। 

এদিকে দুই যুবকের পরিবার এ বিষয়ে মুখ খুলছে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামে এক ধরনের বিষাক্ত মদপানে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

এর আগেও চাকী বাড়ির মদ খেয়ে একাধিকবার মৃত্যুর ঘটনা ঘটলেও আওয়ামী লীগের প্রভাবে প্রলয় চাকী পার পেয়ে যান। তিনি গত বছর ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। এ ব্যাপারে প্রলয় চাকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে পারেনি সমকাল।

আরও পড়ুন

×