লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি
আগুনের ঘটনায় পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৮:০০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৪
লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের নিচতলার গোডাউনে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মারুফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার এস. এম. মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাঁচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের দায়িত্বরত কর্মচারীরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। এর আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন শনাক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জলক মোহন্ত জানান, জেলা নির্বাচন অফিস থেকে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
