ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তা জামায়া‌তের প্রার্থীর জনসভায়, সাময়িক বরখাস্ত

ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তা জামায়া‌তের প্রার্থীর জনসভায়, সাময়িক বরখাস্ত
×

ফাইল ছবি

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ২১:৪৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ২১:৪৯

ছুটি থাকাকালীন সাতক্ষীরা-২ আসনে জামায়া‌তে ইসলামী‌র প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে যশোর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মহিবুল্লাহ কারী। তিনি নড়াইল জেলায় বাসিন্দা ও যশোর পুলিশ লাইনসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়া‌তে ইসলামী‌ মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন এএসআই মহিবুল্লাহ কারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহিবুল্লাহ কারী গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা হন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। সাতক্ষীরায় জামায়া‌তে ইসলামী‌র পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×