বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যা দাবি স্বজনের
নিয়ামুল ইসলাম নীরব
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৯:৪১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ২০:০৯
রংপুরে বিদ্যুতায়িত হয়ে নিয়ামুল ইসলাম নীরব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার হতাশা থেকে ৩৩ কেভি বা ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ওপর শুয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
স্বজনদের দাবি, রোববার সন্ধ্যায় রংপুরে ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে নীরব বিদ্যুতের খুঁটিতে উঠে মেইন তারে শরীর শুয়ে পড়ে। এ সময় তার পুরো শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে।
নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম।তারা দুজনে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
পরিবার সূত্র জানায়, নীরব পরিবারের বড় ছেলে। সে রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে মেডিকেলে চান্স পায়নি সে। এরপর পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ রাখেনি। পরে রোববার সন্ধ্যায় মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের ২০ মেগাওয়াট বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের কারেন্টের খুঁটির উপর উঠে নিজের শরীর এলিয়ে দেয় নীরব। এতে বৈদ্যুতিক শকে তার শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক বলেন, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থায় নেই। সন্ধ্যায় দাফন হবে।
- বিষয় :
- মেডিকেল ভর্তি পরীক্ষা
- মৃত্যু
