ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজয় দিবসে রাজাকারের কুশপুত্তলিকায় ছাত্রদলের জুতা নিক্ষেপ

বিজয় দিবসে রাজাকারের কুশপুত্তলিকায় ছাত্রদলের জুতা নিক্ষেপ
×

রাজাকারের কুশপুত্তলিকায় ছাত্রদলের জুতা নিক্ষেপ। ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৯:০৮

মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতার বিপক্ষশক্তি রাজাকার, আলবদর, আলশামসদের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে রাজাকার, আলবদর ও আলশামস এর তিনটি কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করা হয়। কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করতে পারলে পুরষ্কারের ব্যবস্থাও করা হয়। এসময় ‘রাজাকারের দুই গালে, জুতা মার তালে তালে’, ‘আলবাদর-রাজাকার দেখা মাত্র জুতা মার’, ‘রাজাকারের চামড়া তুলে নেব আমরা’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। 

জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন নিয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাজাকার, আলবদর, আলশামস বাংলাদেশের লক্ষ লক্ষ বীরদের নির্মমভাবে হত্যা করেছিল। নারীদের ধর্ষণ করেছিল। আজও যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে এবং পাকিস্তানকে বুকে ধারণ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে ঘৃণা জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেন।’

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ‘যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সাহায্য করেছিল তাদেরে প্রতি ঘৃণা প্রকাশের জন্যই আমাদের আজকের এ উদ্যোগ। হয়তো একাত্তরের রাজাকাররা এখন নেই, কিন্তু তাদের বংশধররা এখনও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। যারা প্রকাশ্য দিবালোকে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা আজ মুক্তিযোদ্ধাকে ভারতীয় ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে। আমাদের চরম ভুল ছিল একাত্তরের দেশদ্রোহীদের ক্ষমা করা।’

আরও পড়ুন

×