ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় পরিবহন ধর্মঘট স্থগিত

কুমিল্লায় পরিবহন ধর্মঘট স্থগিত
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১৬:০১

কুমিল্লা নগরীর ৩টি বাস টার্মিনালে বৃহস্পতিবার ভোর থেকে বাস চলাচল বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে পরিবহন মালিকদের বৃহৎ সংগঠন কুমিল্লা বাস মালিক গ্রুপ ধর্মঘট স্থগিত করেছে। গতকাল বুধবার এ ধর্মঘটের আহবান করা হয়েছিল। নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন বাস চলাচল বন্ধ রাখার দাবিতে কুমিল্লার পরিবহন নেতারা এ কর্মসূচি দেন। এতে প্রায় ৪০টি রোডে বাস চলাচল বন্ধ ছিল। দুপুরে জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। কুমিল্লা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজার, জাঙ্গালিয়া ও শাসনগাছা বাস স্টেশনে গিয়ে দেখা যায় বিভিন্ন পরিবহনের যাত্রীরা গন্তব্যে যেতে অপেক্ষা করছেন। জাঙ্গালিয়ায় এশিয়া পরিবহনের যাত্রী আবু তাহের বলেন, হঠাৎ বাস বন্ধের বিষয়টি আমাদের জানা ছিল না।

ঢাকা-কুমিল্লা সড়কে চলাচলকারী রয়েল বাস সার্ভিসের চালক আবদুল খালেক জানান, নেতাদের কাছ থেকে সিদ্ধান্ত এলে বাস ছাড়ব। যাত্রীরা অন্যত্র চলে যাচ্ছেন।

যে কারেণে বাস চলাচল বন্ধ ছিল

পরিবহন নেতারা বলেন, কুমিল্লা নগরীর জাঙালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুরসহ আভ্যন্তরীণ প্রায় ৪০টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে। বিগত ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহন চলাচলের অনুমতি পায়। ওই পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, চাঁদপুর জেলা প্রশাসকের কাছে থেকে আইদি পরিবহন চলাচলের অনুমতি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কুমিল্লা বাস মালিক গ্রুপ সিন্ডিকেট শুরু থেকে এই পরিবহন চলাচলে বাধা দিয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে সার্ভিস বন্ধ করে দিয়ে ২ কিলোমিটার দূরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করা হয়। গত মঙ্গলবার কিছু বাস জাঙ্গালিয়া টার্মিনালে আনা হলে কুমিল্লার শ্রমিক নেতারা বাধা দেয়।

তিনি আরও বলেন, আইনী কোনো প্রকার বাধা না থাকলেও কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে না। কুমিল্লা-চাঁদপুর সড়কে বর্তমানে শুধু বোগদাদ বাস সার্ভিস চালু আছে। আইদি পরিবহন চালু থাকলে যাত্রীদের ভোগান্তি থাকবে না। তিনি বলেন, প্রশাসনের নির্দেশ মেনে বৃহস্পতিবার জাঙ্গালিয়া থেকে কোনো বাস ছাড়া হচ্ছে না। শুধু আমার ভাড়া করা কাউন্টারের সামনে দুটি বাস রাখা হয়েছে। এ নিয়ে ধর্মঘটের কোনো কারণ থাকতে পারে না।   

তবে কুমিল্লা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে সমকালকে বলেন, আইদী পরিবহন চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট পারমিট পায়নি। তবুও তারা বাস টার্মিনাল ব্যবহার করতে চায়। আগে কয়েক দফায় বাধা দেওয়ার পরও বিজয় দিবসের দিন হঠাৎ টার্মিনালে কিছু বাস আনা হয়। বুধবারও বাস এখান থেকে চলাচল করে। এ টার্মিনালে বৃহস্পতিবার বাস আনা হবে না, প্রশাসন থেকে এ কথা বলা হলেও এখনও দুটি বাস তাদের কাউন্টারের সামনে রাখা হয়েছে। আইদি পরিবহন ইচ্ছে করেই পরিস্থিতি অশান্ত করতে চাচ্ছে। তাই নগরীর ৩টি স্টেশন থেকে কোনো বাস ছেড়ে যায়নি। জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর দেড়টার কিছু পর ধর্মঘট স্থগিত করা হয়েছে।
 
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক সমকালকে বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। কুমিল্লার পরিবহন নেতাদের একটিই দাবি- আইদি পরিবহনের বাস জাঙালিয়া বাস টার্মিনালে ঢুকতে পারবে না। আমরা আইদিকে বিকল্প স্থান পদুয়ারবাজার থেকে বাস চালানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এতে উভয় পক্ষ রাজি হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

×