ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রথমবার আঙুলের ছাপে ভুল দ্বিতীয়বারে মিলল পরিচয়

প্রথমবার আঙুলের ছাপে ভুল দ্বিতীয়বারে মিলল পরিচয়
×

আব্দুল আলিম খান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

প্রথম দফা আঙুলের ছাপ নিয়ে পাওয়া গিয়েছিল ভুল তথ্য। দ্বিতীয়বার ছাপ নিয়ে মিলল প্রকৃত পরিচয়। জানা গেল, নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশে উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহটি রাজবাড়ীর আব্দুল আলিম খানের। 

পুলিশ জানায়, গত সোমবার সকালে উদ্ধার হওয়া মরদেহটি রাজবাড়ীর পাংশা উপজেলার চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের ছেলে আব্দুল আলিম খানের (২৬)। সোমবার অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর পিবিআই আঙুলের ছাপ বিশ্লেষণ করে জানায়, নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩৬)। তিনি সিলেট সদর উপজেলার হাউজিং এসেস্ট এলাকার আনোয়ার ইসলাম ও রোশনী বেগমের ছেলে। তবে ওই এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এ তথ্য ঠিক নয়। 

এরপর বুধবার রাতে ফের আঙুলের ছাপ সংগ্রহ করে পিবিআই ও সিআইডি নারায়ণগঞ্জ ক্রাইম সিন ইউনিট। পরে তারা নিহতের প্রকৃত পরিচয় জানতে পারেন। এরপর পাংশা থানা পুলিশের কাছে খবর পেয়ে গতকাল নিহত আব্দুল আলিমের বাবা ওয়াজেদ খান ও চাচা আব্দুর রাজ্জাক নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন। 

চাচা আব্দুর রাজ্জাক জানান, আব্দুল আলিম খান প্রায় এক বছর আগে কাতার থেকে দেশে ফেরেন। কাজের সন্ধানে তিনি বিভিন্ন স্থানে ঘুরতেন। কয়েক দিন ধরে তাঁর খোঁজ মিলছিল না। আব্দুল আলিমের বাবা ওয়াজেদ খান গতকাল আড়াইহাজার থানায়  হত্যা মামলা করেছেন। তিনি বলেন, আমার ছেলে কাতার থেকে এসে আর যেতে চায়নি। কোনো কাজ পেলে বিয়ের কাজটি সম্পন্ন করার পরিকল্পনা ছিল। আমার ছেলেকে কারা এভাবে নৃশংসভাবে হত্যা করল। আমি এর বিচার চাই। 

এদিকে গতকাল বিকেলে শ্রীনিবাসদী এলাকার একটি খাল থেকে দেহবিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, একটি বস্তায় মাথা ও একটি দা ছিল। তা মাছ ধরার জালে উঠে আসে। 
আঙুলের ছাপের তথ্য দুই রকম হওয়া প্রসঙ্গে থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কাজ করতে গেলে ভুল তো হতেই পারে। তবে সঠিক তথ্য় পাওয়া গেছে এটিই বড় কথা। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করছি। 
পিবিআইর একটি সূত্র জানায়, অপারেটিং সিস্টেমে সমস্যার কারণে অনেক সময় তাৎক্ষণিক তথ্যে গরমিল হতে পারে। 

আরও পড়ুন

×