কথা রাখেননি কেউ, রাস্তা সংস্কার কাজে গ্রামবাসী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল নান্দাইল উপজেলার বিয়ারা-তালজাঙ্গা গ্রামের একটি রাস্তা। নির্বাচন এলে প্রতিবার সংস্কারের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ভোট গেলে আর সংস্কার করে দেন না। দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী নিজেরাই রাস্তাটি মেরামতে নেমে পড়েছেন।
বৃহস্পতিবার গাংগাইল ইউনিয়নে গিয়ে দেখা যায়, গ্রামের নানা বয়সী লোকজন কোদাল, শাবল আর মাটি কাটার ঝুড়ি নিয়ে রাস্তা সংস্কারে নেমে পড়েছেন। মাথায় করে পাশের পতিত জমি থেকে মাটি কেটে এনে চলাচলের অনুপযোগী রাস্তায় ফেলছেন।
স্থানীয়রা জানান, গাংগাইল ইউপির বিয়ারা-তালজাঙ্গা গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষাকাল এলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাদা আর গর্তে ভরা রাস্তা দিয়ে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে যাওয়াই দুষ্কর। বিশেষ করে বিপাকে পড়েন অন্তঃসত্ত্বা নারী ও রোগীরা। বেহাল রাস্তার কারণে স্থানীয় কৃষিজীবীরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে না পেরে বাড়ি থেকেই সস্তায় বিক্রি করতে বাধ্য হন। শিক্ষার্থীদেরও এই রাস্তায় চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটির সংস্কারের জন্য তারা বিভিন্ন স্থানে আবেদন-নিবেদন করেও কোনো সুরাহা করতে পারেননি। এ কারণে তারা নিজেরাই রাস্তাটি মেরামতের কাজে লেগে যান।
গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা খারাপ হওয়ায় কোনো যানবাহন গ্রামে আসতে চায় না। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও রাস্তাটির উন্নতি করতে পারেননি। তাই নিজেদের কষ্ট দূর করতে নিজেরাই রাস্তায় নেমেছেন।
ইউপি সদস্য আব্দুল খালেক স্বপন বলেন, বর্তমানে কোনো প্রকল্প না থাকায় রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। তবে রাস্তাটির আইডি হয়েছে, ভবিষ্যতে উন্নয়নের জন্য বরাদ্দ আসবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের ভাষ্য, রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমের বিষয়টি শুনেছেন। তিনি স্থানীয়দের রাস্তাটি সংস্কারের বিষয়ে একটি লিখিত আবেদন করার পরামর্শ দেন।
- বিষয় :
- রাস্তা সংস্কার
