ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে উদীচীর লোকসংগীত উৎসব বাতিল

নারায়ণগঞ্জে উদীচীর লোকসংগীত উৎসব বাতিল
×

ছবি: ফেসবুক থেকে নেওয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ২২:৪০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৫

ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের কার্যালয়ে হামলার প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে হলো না উদীচীর লোকসংগীত উৎসব। সার্বিক পরিস্থিতির কারণে এ অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সংশ্লিষ্টরা।

শুক্রবার বিকেল ৪টায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসব হওয়ার কথা ছিল। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জে উদীচীর এই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র সামারীন দেওয়ানের। রাত পর্যন্ত এই অনুষ্ঠানে জেলা উদীচীর পরিবেশনায় পটের গান ‘গাঙ্গের পাড়ের মানুষ’, হাসন রাজার গান, ভাওয়াইয়া গান, কুষ্টিয়ার শিল্পীদের লালন সংগীত পরিবেশনের কথা ছিল। 

জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক ভূঁইয়া দীপু জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পরে বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে এবং ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের সিইও আমাদের বলেছেন, এ পরিস্থিতিতে অনুষ্ঠান করবেন কিনা ভেবে দেখেন। আমরা তাঁর পরামর্শ যৌক্তিক মনে করেছি। কারণ, আমাদের উদ্বোধক হাসন রাজার প্রপৌত্র সামারীন দেওয়ান আসবেন সুনামগঞ্জ থেকে। লালন শিল্পীরা আসবেন কুষ্টিয়া থেকে। তাদের নিরাপত্তার ব্যাপার আছে। ফলে সার্বিক পরিস্থিতিতে আমরা এখানে আমাদের লোকসংগীত উৎসব বাতিল করেছি।

আরও পড়ুন

×