পাখি শিকারের তথ্য দিলেই মিলছে উপহার
সিংড়ায় পাখি শিকারে তথ্য দেওয়ায় পুরস্কার পেলেন আব্দুল করিম। ছবি: সমকাল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩০
শস্য ও মৎস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এক ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’।
শীতের আগমনে বিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য বন্ধ করতে তারা ‘পাখি শিকার বন্ধে উপহার’ কর্মসূচি হাতে নিয়েছে। এই উদ্যোগের আওতায় পাখি শিকার ত্যাগের প্রতিশ্রুতি দিলে অথবা শিকারিদের তথ্য প্রদান করলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।
ব্যতিক্রমী এই প্রচারণা রোববার কাকডাকা ভোরে সিংড়া উপজেলার চলনবিলের বিভিন্ন পয়েন্টে শুরু হয়। সংগঠনের সদস্যরা বিলের দুর্গম এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি লিফলেট বিতরণ করেন, বিশেষ করে ইন্দ্রাসন, তাজপুর, সাতপুকুরিয়া ও ডাহিয়া এলাকার ডুবন্ত সড়কে এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
পুরস্কৃত হচ্ছেন তথ্যদাতারাও। সকালে ইন্দ্রাসন বিলে পাখি শিকারের তথ্য দিয়ে সহযোগিতা করায় আবদুল করিম ও শাকিব শেখ নামে দুই ব্যক্তিকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এ ছাড়া বিলের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আরও সাতজনকে এই সম্মাননা দেওয়া হয়। তারা হলেন ইন্দ্রাসন গ্রামের মিলন হোসেন, আবদুল করিম, দুলাল হোসেন, শাকিব শেখ, সাথপুকুরিয়া গ্রামের মকবুল হোসেন, ওবায়দুল ইসলাম ও ইয়াদুল।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এক যুগের বেশি সময় ধরে তারা চলনবিলে এই জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছেন। মানুষকে সচেতন করার পাশাপাশি শিকারিদের তথ্যদাতাদের উৎসাহিত করতে শীতবস্ত্র দিচ্ছেন, যাতে মানুষ নিজ উদ্যোগে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসে।
