ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা-৬

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, আমি ক্ষমাপ্রার্থী: সাক্কু

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, আমি ক্ষমাপ্রার্থী: সাক্কু
×

নিজের বাসায় সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৮:৩৫ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪২

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ‘আমি বিএনপির জন্য নিবেদিতপ্রাণ। সিটি করপোরেশনের দু’বার মেয়র নির্বাচিত হয়েছি। সবশেষ দুইটা নির্বাচনে মানুষের চাপে ভোটে অংশ নিয়েছিলাম। দুইবারই হাজী ইয়াছিন (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন) তার শ্যালক কায়সারকে প্রার্থী করিয়ে আমার ক্ষতি করেছেন। সাবেক এমপি বাহারের সঙ্গে তাল মিলিয়ে আমার ভোট নষ্ট করেছেন। আমি ৭০-৮০ হাজার ভোট বেশি পাই। এই ভোটগুলো নষ্ট করেছেন হাজী ইয়াছিন। তার ওপর রাগ করে আমি রোববার মনোনয়ন কিনেছি। মনোনয়ন কেনার পর আমি চিন্তা করলাম, কাজটা ঠিক করিনি। মনোনয়ন কিনে ভুল করেছি। কেনা মনোনয়নটি জমা দেব না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সাক্কু। তিনি বলেন, মূলত হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকেই মনোনয়ন কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাবও। তবে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে হাজী ইয়াছিন পেলে অবশ্যই স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। 

সাক্কু আরও বলেন, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি দলের দায়িত্বে থাকা অবস্থায় কোনো উপজেলায়ও কমিটি দিতে পারেননি। তিনি সাংগঠনিক কোনো কাজ করেননি। উনার (হাজী ইয়াছিনের) কাজ ছিল শুধু আমি সাক্কু কী করি সেটা নিয়ে থাকা। এখন ইয়াছিন ভাই প্রচারে বলে বেড়াচ্ছেন তিনি দলের মনোনয়ন পেয়ে যাচ্ছেন। কখনও ১২,কখনও ২২, কখনও আবার বলছেন ২৫ তারিখ মনোনয়ন পেয়ে যাচ্ছেন। 

বহিষ্কার আদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, মনোনয়ন ঘোষণার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ডেকেছেন। আমি মহাসচিবের সঙ্গে কুমিল্লা-৬ আসনের বিস্তারিত তুলে ধরেছি। মহাসচিব আমাকে বলেছেন তোমার চাহিদা কী? আমি মহাসচিবকে বলেছি কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীকে ধানের শীষ না দিলে আসনটি হাতছাড়া হয়ে যেতে পারে। মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। বহিষ্কার আদেশ নিয়ে আমার কোনো কথা নেই। এটা দলের সিদ্ধান্ত। আমি বিএনপির রাজনীতি করি। শহীদ জিয়ার আদর্শকে লালন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। 

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ছিলেন। ২০২২ সালে দলের নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে সাক্কুকে বহিষ্কার করে বিএনপি। 
 

আরও পড়ুন

×