ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সীমান্তে অস্ত্রের চালান আটক

সীমান্তে অস্ত্রের চালান আটক
×

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

মাত্র আট দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অস্ত্রের একটি চালান আটক করেছে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ।
গতকাল মঙ্গলবার সকালে মনাকষা সীমান্তে এ অভিযান চালানো হয়। চোরাচালানের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিকেলে সদর উপজেলার ব্যাটালিয়নের সদরদপ্তরের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

কাজী মোস্তাফিজুর রহমান বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনাকষার রাঘববাটি এলাকায় বেলা ১১টায় অভিযান চালানো হয়। 
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। 

কাজী মোস্তাফিজুর রহমান আরও বলেন, নির্বাচন সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে, যেন দেশে কোনো ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করতে না পারে। 
এর আগে গত ১৫ ডিসেম্বর একই ব্যাটালিয়নের সদস্যরা মালিকবিহীন অবস্থায় চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে।
 

আরও পড়ুন

×