ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৯:৪১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১২:১৮
ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বুধবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখায় নদী পারাপার হতে আসা যানবাহন ও সংশ্লিষ্টরা দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন সমকালকে জানান, মঙ্গলবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বুধবার ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতে করে নৌপথের মার্কিং বাতিগুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যে কোনো নৌ দূর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির এই কমকর্তা আরও জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ব্যাস্ততম নৌরেুটে আকস্মিকভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারাপার হতে আসা বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে।
