ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মুজিবনগরের খ্রিষ্টানপল্লিতে উৎসবের আমেজ

মুজিবনগরের খ্রিষ্টানপল্লিতে উৎসবের আমেজ
×

মেহেরপুরে বড়দিন উপলক্ষে এভাবেই সাজানো হয়েছে গোশালা। বুধবার মুজিবনগরের ভবেরপাড়া খ্রিষ্টানপল্লির জেভেরিয়ান মিশনারিজ চার্চে সমকাল

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। প্রতিবছর মেহেরপুরের মুজিবনগরে ২৫ ডিসেম্বর সাড়ম্বরে বড়দিন উৎসব উদযাপন করা হয়। 
এবারও বড়দিন উপলক্ষে মুজিবনগরের খ্রিষ্টানপল্লিগুলোতে সাজ সাজ রব পড়েছে। উৎসব উপলক্ষে রঙিন বৈদ্যুতিক বাতিতে সাজানো হয়েছে পল্লির বাড়ি ও রাস্তাঘাট।

মেহেরপুর জেলার সবচেয়ে বেশি খ্রিষ্টান সম্প্রদায়ের লোক বাস করে মুজিবনগর উপজেলার ভবরপাড়া ও বল্লভপুর গ্রামে। এসব গ্রামের খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থানে চলছে ‘গোশালা’ তৈরির কাজ। এসব ক্রিসমাস ট্রি ও ‘গোশালা’ আলোকসজ্জার কাজে ব্যবহার করা হচ্ছে স্টার আকৃতির বাতিসহ রকমারি বৈদ্যুতিক বাতি। উৎসবকে কেন্দ্র করে রং-বেরঙের কাগজ ও আলপনায় সাজানো হয়েছে ঘরবাড়ি। শিশু ও বড়দের জন্য কেনা হয়েছে নতুন পোশাক। 

২৪ ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘণ্টা বাজিয়ে প্রভু যিশুর ভোজ ও আলেলুইয়া গানের মাধ্যমে শুরু হয়েছে প্রার্থনা। খ্রিষ্টান পল্লিগুলোতে মহাব্যস্ততা চলছে। 
ভবেরপাড়া চার্চ বড়দিন উদযাপন কমিটির সদস্য দিলিপ মল্লিক বলেন, ১ ডিসেম্বর শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রতিটি ঘরে এখন সাজ সাজ রব। প্রভু যিশু গোয়ালঘরে জন্মগ্রহণ করায় তৈরি হচ্ছে গোশালা। প্রার্থনা শেষে সবাই কীর্তনের মধ্য দিয়ে গোশালাগুলো পরিদর্শন করবেন। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলিসহ নানা ধরনের খাবার তৈরির কাজ।
বল্লভপুর ইমানুয়েল চার্চের পুরোহিত রেভারেন্ড দীপক উজ্জ্বল বিশ্বাস বলেন, বিশ্বের মঙ্গল ও কল্যাণ কামনায় প্রার্থনা করবেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। পাপ থেকে নিজেকে মুক্তির জন্য চলবে যিশুর কাছে প্রার্থনা।
অ্যাডভোকেট শোভা মণ্ডল বলেন, বড়দিন উপলক্ষে পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কেনা হয়েছে। আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য এবং যথাযোগ্য মর্যাদায় প্রভু যিশুর প্রার্থনার মধ্য দিয়ে উৎসবমুখরভাবে দিনটি পালন করব। এবারে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে। প্রশাসনের কড়া নিরাপত্তায় যথাযথ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে বলে তিনি আশাবাদী।

বড়দিন উপলক্ষে মুজিবনগরের ভবেরপাড়া জেভেরিয়ান মিশনারিজ চার্চের ফাদার পলাশ হেনরি গোমেজ বলেন, বড়দিনে সব মানুষের কল্যাণসহ নিজ নিজ পরিবারের জন্যও প্রভু যিশুর কাছে প্রার্থণা করব আমরা। এ ছাড়া দেশের সব মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারি, দেশের অস্থির পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয় সেই প্রার্থনাও করব। 
এদিকে বড়দিন নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার খ্রিষ্টানপল্লি এবং গির্জা ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম।
মুজিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, উপজেলা প্রশাসনের তরফ থেকে ইতোমধ্যে উপজেলার সমস্ত গির্জাকে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সমস্ত গির্জাকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সমস্ত ইউনিট নিরাপত্তা কাজে নিয়োজিত আছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করবেন। 

আরও পড়ুন

×