ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদাবাজির মামলায় ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার
×

গ্রেপ্তার তাহরিমা। ছবি-সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৫:০৬ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ২১:৩০

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে। বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা নিজেকে 'জুলাইযোদ্ধা' পরিচয় দিতেন।

স্থানীয়রা জানান, এলাকার সেলিম মিয়ার মেয়ে তাহরিমা গতবছরের জুলাইয়ে গণ–অভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন। পরে ফেসবুকে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। পুলিশ জানিয়েছে, তাহরিমার বিরুদ্ধে মামলা বাণিজ্য, প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। 

সম্প্রতি রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা। 

পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা পরোয়ানাভুক্ত আসামি। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং মীমাংসার কথা বলে বিপুল টাকা আদায় করে একটি চক্র। ওই চক্রের সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক মামলাটি দায়ের করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযান চালিয়ে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×