ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চর দখলের দীর্ঘ লড়াইয়ের ইতি টানল প্রশাসন

চর দখলের দীর্ঘ লড়াইয়ের ইতি টানল প্রশাসন
×

কিশোরগঞ্জের নিকলীতে লালপতাকা পুঁতে সরকারি খাসজমি উদ্ধার করা হয় সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৮:৪৯

| প্রিন্ট সংস্করণ

চর দখল-পাল্টা দখলের লড়াই চলছিল ১৭ বছর ধরে। মারামারি-হানাহানির ঘটনাও ঘটেছে অনেকবার। একাধিকবার প্রশাসন মীমাংসা করলেও মেলেনি শান্তি। অবশেষে গত বুধবার দিনভর অভিযান চালিয়ে বিরোধপূর্ণ ১৫০ একরের চর দখলে নিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে এই ঘটনা ঘটেছে।

উপজেলার গুরই এলাকার বাসিন্দা সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ ও ছাতিরচরের বাসিন্দা হাজি জসিম উদ্দিন জানিয়েছেন, গুরই ইউনিয়নের বেয়াতিরচর এলাকাটি ভাঙতে ভাঙতে বিলীন হয়ে গেছে। পরে ঘোড়াউত্রা নদীর পূর্ব তীরে ছাতিরচরের কিছু খাসজমির সঙ্গে মিলে প্রায় ১৫০ একর চর জেগেছে। ওই জমির মালিকানা নিয়ে গুরই ও ছাতিরচরের লোকদের মধ্যে প্রায় দেড় যুগ ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এখানে হাঁস ও গরুর খামারসহ কিছু অস্থায়ী স্থাপনাও নির্মিত হয়েছিল। ধানের আবাদও করা হতো।

প্রশাসন জানায়, ওই চরটি সরকারের খাসজমি। তারপরও উপজেলা ও থানা প্রশাসন একাধিকবার উভয় পক্ষকে ডেকে মীমাংসা করেছে। তবে তা টেকেনি। যৌথ বাহিনীর সহায়তায় বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে নিকলী উপজেলা প্রশাসন জমিটি দখলে নেয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি বলেন, যেহেতু এসব জমি কাগজেপত্রে খাসজমি, ফলে এগুলো ব্যক্তিগতভাবে দখলে নিয়ে ভোগদখলের সুযোগ নেই। প্রায়ই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষও হতো। এসব কারণে বুধবার যৌথ বাহিনীর সহায়তায় পুরো জায়গায় লাল পাতাকা পুঁতে সরকারের দখলে নেওয়া হয়েছে। এখন কেউ এসব জমি অবৈধভাবে দখল করতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×