ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি

নবীন-প্রবীণের মিলনমেলা

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫  বর্ষপূর্তি
×

গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুর জিলা স্কুলের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ০৮:৫২

| প্রিন্ট সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। শীতের সকালে শত শত সাবেক-বর্তমান শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। আবেগঘন স্মৃতিচারণে সাবেক শিক্ষার্থীরা ফিরে যান নিজ নিজ শৈশবে। 

জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার নজরুল ইসলাম। এ সময় উৎসবের পতাকা উত্তোলন করেন গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব ওয়াহিদ মিয়া। জিলা স্কুলের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, ‘আমাদের পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে নিজের ঐতিহ্য ও কৃষ্টি অনুসরণ করে চলতে হবে। জিলা স্কুল যে স্বপ্ন দেখায়, তা যেন যুগ-যুগান্তর ধরে আমাদের পাথেয় হয়। এ স্বপ্ন যেন জাতি ধারণ ও লালন করে, সে প্রত্যাশা আমি করি।’ জিলা স্কুল যে স্বপ্ন দেখায়, সে স্বপ্ন নিয়ে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির সদস্য সচিব ওয়াহিদ মিয়া। কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার। সঞ্চালনা করেন উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক মির্জা মো. আরিফুল ইসলাম।

দুপুর ১২টার দিকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জিলা স্কুলের সামনের মুজিব সড়ক থেকে শুরু হয়ে স্টেশনের মোড়, পৌরসভা ও জেনারেল হাসপাতাল, ফরিদপুর প্রেস ক্লাব, জনতা ব্যাংকের মোড়, কোতোয়ালি থানা, সারদা সুন্দরী মহিলা কলেজ, শিল্পকলা একাডেমির চৌরঙ্গীর মোড় হয়ে ব্রহ্মসমাজ সড়ক দিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

শোভাযাত্রায় উৎসব ব্যানারের পাশাপাশি জাতীয় পতাকা ও উৎসবের বড় দুটি পতাকা বহন করা হয়। ব্যান্ডের তালে তালে তিনটি ঘোড়ার গাড়ি ও দুটি ট্রাকও ছিল এতে। সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা বয়সে প্রবীণ, তারা এসব যানবাহনে চড়েন। ছোট ছোট পতাকা নাড়তে নাড়তে এগিয়ে যান অন্য অংশগ্রহণকারীরা।
১৮৪০ সালে যাত্রা শুরু করা ফরিদপুর জিলা স্কুল এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ শুক্রবার রাতে আয়োজনের দ্বিতীয় দিনে র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে সংগীত পরিবেশনের কথা রয়েছে ব্যান্ড শিল্পী জেমসের।

আরও পড়ুন

×