জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, থাকছে চার স্তরের নিরাপত্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৯
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তার সফর ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গতকাল দেশে ফিরেছেন। তিনি আজ দুপুরের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এ নিয়ে সাভার-আশুলিয়া বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য সাভার-আশুলিয়ার নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, আজ দুপুরের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে।
সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ অনেক মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবে। তবে সবার জন্য উন্মুক্ত থাকবে না। এ জন্য আজ সকাল থেকেই জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- বিষয় :
- স্মৃতিসৌধ
- তারেক রহমান
