বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক
ছবি: সংগৃহীত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৯:২১
বগুড়ার নন্দীগ্রামে সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে সাগর নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার কলেজপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত সাগর নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সাগর নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে করতেন। বিশ্বাস অর্জনের জন্য ভুয়া আইডি কার্ড ও সেনাবাহিনীর পোশাক ব্যবহার করতেন। সম্প্রতি নন্দীগ্রামের কলেজপাড়ায় সুখিল চন্দ্রের মেয়েকে বিয়ে করার পর আরও এক লাখ টাকা দাবি করলে তাঁর আসল পরিচয় ফাঁস হয়ে যায়।
গত ফাল্গুন মাসে সাগর তাঁর মেয়েকে বিয়ে করেন। সাগর নিজেকে মাঝিরা ক্যান্টনমেন্টের সদস্য এবং এতিম বলে পরিচয় দেন। সুখিল চন্দ্র মেয়ের সুখের আশায় সাড়ে আট লাখ টাকা এবং ১১ ভরি স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা) যৌতুক হিসেবে দেন। কয়েক দিন আগে রাজশাহীতে জায়গা কেনার কথা বলে এক লাখ টাকা চান তিনি। তিন দিন আগে নওগাঁ থেকে এসে এক মেয়ে বলেন, তিনি সাগরের বউ। বিয়ের কিছু ভিডিও ও ছবি দেখান। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সুখিল এক লাখ টাকা দেওয়ার কথা বলে সাগরকে বাড়িতে আসতে বলেন। পরে স্থানীয়রা তাঁকে পুলিশে দেয়।
সাগরের আগের স্ত্রী জানান, চলতি বছরের মার্চ মাসে একই কায়দায় সাগর তাঁকে বিয়ে করেন। তাঁর বাবার কাছ থেকেও সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণ হাতিয়ে নেন। ক্যান্টনমেন্টে খোঁজ নিয়ে পাপিয়া জানতে পারেন, সাগর নামের কোনো সেনাসদস্য সেখানে নেই।
সাগরের প্রথম স্ত্রী জানান, তিনি জানতেন তাঁর স্বামী গাড়িচালক। তাদের দুটি সন্তানও আছে। সাগরের প্রতারণার কথা শুনে তিনি এখন দিশেহারা।
আটক হওয়ার পর সাগর তাঁর অপরাধ স্বীকার করেছেন। তিনি জানান, তাঁর মোট চারজন স্ত্রী আছে (রাজশাহী, নওগাঁ, নন্দীগ্রাম ও নিজ এলাকায়)। সেনাবাহিনীর আইডি কার্ড ও পোশাক তিনি ঢাকা থেকে জালিয়াতি করে বানিয়েছেন। বিয়ে করে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে তিনি গ্রামে বাড়ি করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত সাগর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলো মামলা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আটক
- নন্দীগ্রাম
- বগুড়া
