ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বনভোজনে আনন্দে কাটালেন অসহায় মানুষ

বনভোজনে আনন্দে কাটালেন অসহায় মানুষ
×

ধামইরহাটে ‘মানবসেবার’ উদ্যোগে ব্যতিক্রমী বনভোজনের আয়োজন সমকাল

 ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

নওগাঁর ধামইরহাটে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ৬০ জন ভিক্ষুককে নিয়ে বনভোজনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা’। গতকাল শুক্রবার উপজেলার আলতাদিঘি জাতীয় উদ্যানে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আটটি ইজিবাইকে ভিক্ষুকদের সসম্মানে আলতাদিঘি জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা। মেন্যুতে ছিল গরুর মাংস, পোলাও, ডিম, সবজি ও সালাদ। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল পৃথক ও বিশেষ ব্যবস্থা।

খাওয়া-দাওয়া শেষে দিঘির পাড়ে এক আনন্দ মেলার পরিবেশ তৈরি হয়। নারীদের জন্য বালিশ বদল ও পুরুষদের জন্য হাঁড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সাবান দেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।
দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে ভিক্ষুকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। জমিলা খাতুন নামে এক নারী সমকাল প্রতিবেদককে বলেন, ‘ছোটবেলায় কবে পিকনিকে গিয়েছিলাম মনে নেই। বড় হয়ে এমন আয়োজনে অংশ নেওয়ার সাধ্য ছিল না। অনেকদিন পর ভালোমন্দ খেতে পেরে  ভালো লাগছে। এছাড়া সংগঠন আমাদের পুরোনো স্মৃতি মনে করিয়ে দিল। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।’ 
আবেগ আপ্লুত হয়ে জালালুদ্দিন নামে আরেকজন বলেন, ‘এক হাত হারিয়ে পঙ্গু হয়ে ভিক্ষা করি। প্রতি মাসে ভালো খাবার আর বছরে এমন বনভোজন মনে করিয়ে দেয়, আমরাও এই সমাজেরই মানুষ। মানবসেবার মতো আরও সংগঠন গড়ে উঠলে আমাদের মতো অসহায় মানুষের অন্তত এক বেলা পেটপুড়ে খেতে পারে।’

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদ জানান, ‘মানুষ মানুষের জন্য।’– স্লোগান নিয়ে ২০১৮ সাল থেকে তারা কাজ করছেন। ২০২১ সাল থেকে প্রতি মাসে ভিক্ষুকদের উন্নতমানের খাবার খাইয়ে আসছেন। এই কার্যক্রমের ৪ বছরপূর্তি উপলক্ষে এবারের এই বনভোজনের আয়োজন। ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের স্বপ্ন দেখছেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মানুষের সেবা করা একটি মহৎ কাজ। সমাজের বিত্তবানরা যেখানে অসহায়দের খোঁজ রাখে না, সেখানে এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কোঅর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ।

আরও পড়ুন

×