ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান বলা যুবক গ্রেপ্তার

আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান বলা যুবক গ্রেপ্তার
×

জালাল উদ্দিন দুলু। ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫২

গাজীপুরে স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে শ্বাসরোধে হত্যার পর মোবাইল ফোনে শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলা সেই যুবক জালাল উদ্দিন দুলুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১ ও ১৩ এর সদস্যদের যৌথ অভিযানে কুড়িগ্রামের রাজারহাট থানার রামকৃষ্ণ মন্ডলপাড়া এলাকা থেকে তাকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। 

পোশাক কারখানাশ্রমিক স্ত্রী সুমাকে হত্যার পর কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে বাইরে তালাবদ্ধ করে পালিয়ে আত্মগোপনে চলে যান দুলু। এ ঘটনার ছায়া তদন্তে নেমে র‌্যাব সদস্যরা ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেন বলে জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান। 

গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা হাজী মার্কেট ঈমান আলী মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে দুলু তার স্ত্রী সুমাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন শুক্রবার সকালে মোবাইল ফোনে কল করে দুলু তার শ্বশুরকে জানান, ‘আপনার মেয়েকে মেরে ফেলেছি। ঘরের ভেতর লাশ আছে, এসে নিয়ে যান’। পরে আত্মীয়-স্বজন ও পুলিশকে বিষয়টি জানানোর পর ওই দিন সকালে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে পোশাক কারখানাশ্রমিক মাস্তুরা আক্তার সুমার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহের হালুয়াঘাট নড়াইল গ্রামের মিরাজুল ইসলামের মেয়ের সঙ্গে রংপুরের জালাল উদ্দিন দুলুর বিয়ে হয়। তারা চান্দনা এলাকার টেক্স ইউরো বিডি গার্মেন্টসে চাকরি করতেন। একই এলাকার রমিজ আলীর মালিকানাধীন রমিজ ভিলার তৃতীয় তলায় বসবাস করতেন এ দম্পতি। 

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন অর রশিদ জানান, কারখানা ছুটির পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। রাত ১২টার দিকে বাসায় ফেরেন দুলু। দু’জনের মধ্যে ঝগড়া বিবাদের পর রাতেই শ্বাসরোধে সুমাকে হত্যা করেন তার স্বামী। হত্যার পর রাতেই তিনি পালিয়ে যান। 

ওসি জানান, দুলু তার শ্বশুর মিরাজুল ইসলামকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে কল করে জানান, সুমাকে মেরে ফেলেছে। এ কথা শোনার পর সুমার বাবা আত্মীয়-স্বজনকে জানান বিষয়টি। তার এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘরের তালা ভেঙে পুলিশ ভেতর গিয়ে কম্বল দিয়ে ঢাকা সুমার মরদেহ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করেন। যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব-১ এর সদস্যরা ছায়া তদন্তে নামে। পরে আত্মগোপনে থাকা দুলুকে র‌্যাব গ্রেপ্তার করে। 

বাসন থানার ওসি জানান, গ্রেপ্তার দুলুকে রংপুর থেকে আনা হচ্ছে। আগামীকাল রোববার তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন

×